ভিজিএফ এর চাল চুরি: কলাপাড়ায় চেয়ারম্যান কেরামত বরখাস্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির কেরামত হাওলাদারকে ভিজিএফএর চাল আত্মসাতের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগের (ইপ-১ অধিশাখা) ২০ জানুয়ারি এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামতকে বরখাস্ত করা হয়। সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক নং চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামতের বিরুদ্ধে ভিজিএফএর ৫৮০ কেজি চাল আত্মসাতের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী চেয়ারম্যানকে তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ আগস্ট উপজেলার চাকামইয়া ইউনিয়নের পুর্ব-চাকামইয়া গ্রামের জালাল চাকরের বাড়ির পুকুর এবং অপর একটি বাড়ি থেকে উপজেলা প্রশাসন ১৫ বস্তা ভিজিএফএর চাল এবং পুকুর থেকে ১০টি খালি বস্তা উদ্ধার করেন। গ্রেফতার করা হয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত ও তার এক সহযোগী জামালকে। তখন ওই ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, মন্ত্রণালয়ের নির্দেশনার চিঠি পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।