ভোলার লালমোহনে ছিঁচকে চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসি

মোঃ নাঈম, লালমোহন।।
ভোলার লালমোহনে বাড়ছে ছিঁচকে চোরের উৎপাত। সুযোগ পেলেই বিভিন্ন এলাকার বাসাবাড়ীতে হানা দিচ্ছে চোরচক্র। এতে এলাকাবাসির মধ্যে ফের চোর আতংক বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এসব ছিঁচকে চুরির ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ না করায়, আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর হচ্ছে না এসব চুরির ঘটনা।

সম্প্রতি পৌর ৫নং ওয়ার্ডের স্টেডিয়াম পাড়া এলাকায় রফিজল ইসলাম নামের এক ব্যাক্তির বাসায় গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। এতে, মোবাইল, স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান মালামাল খোয়া গেছে। এ ধরনের ছিঁচকে চোরের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য অত্র এলাকার কাউন্সিলরের নিকট অভিযোগ দিয়েছেন উক্ত এলাকাবাসী।

এলাকাবাসী জানান, বেশকিছুদিন ধরে এ এলাকায় চোরদের উপদ্রব ও বখাটে যুবকদের উৎপাত বেড়ে গেছে। ফলে সুযোগ পেলেই নানা অপরাধ প্রবণতা ঘটাচ্ছে অপরাধী চক্র। এতে বাসাবাড়ী, দোকানপাট খালি রেখে স্বস্তিতে থাকতে পারছেন না এলাকাবাসী। এতে জনমনে চোর আতংক বাড়ছে। এসব ঘটনায় পুলিশকে অবগত না করার কারণে নেয়া হচ্ছে না প্রয়োজনীয় আইনী পদক্ষেপ। অপরাধ প্রবণতা রোধে পুলিশী টহল বৃদ্ধিসহ এলাকায় নিরাপত্তা ও শান্তি শৃংখলা বজায় রাখার দাবী জানিয়েছেন স্টেডিয়াম পাড়া সহ বিভিন্ন এলাকাবাসী। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকার লোকজন কাজকর্ম করার জন্য বাসার বাইরে গেলে বাসার তালা কিংবা দরজা জানালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটছে। শান্তিতে বসবাস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সহকারী পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।