ভোলায় র‌্যাবের হাতে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

রূপালী বার্তা।।

ভোলায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আবুল বাশার সরদার (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ (বরিশাল) ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলার সদর থানার দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি মোঃ আবুল বাশার সরদার (৩৫) ভোলার দক্ষিণ রাজাপুরের কালু সরদারের ছেলে। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি পিস্তল এবং ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আবুল বাশারের নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ১৯ (উনিশ) টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় র‌্যাব-৮ এর পক্ষ থেকে আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।