মজার ছলে ৩০ ফুট উপর থেকে ছুড়ে ফেলা হলো বিড়ালছানা, থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক।।
মজার ছলে একটি বিড়ালছানাকে ৩০ ফুট উপর থেকে ছুড়ে ফেলে তিন কিশোর। এরপর সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। তারপরই শুরু হয় বিপত্তি, ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর পশুপ্রেমী সংগঠনগুলো সমালোচনা শুরু করে। তাদের অভিযোগের ভিত্তিতে থানায় মামলাও করা হয়। খবর ভারতীয় গণমাধ্যমের।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, আসানসোলের দক্ষিণ থানা এলাকায় সুমতপল্লীতে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিড়ালছানাটি কাপড়ে জড়িয়ে উপরের দিকে ছুড়ে দেয়া হচ্ছে। শূন্যে ভাসতে ভাসতে নিচে ড্রেনের ওপর ছিটকে পড়ে সাদা ছানাটি।

যদিও পরে জানা যায়, উপর থেকে নিচে পড়ার কারণে বিড়ালছানাটি জখম হলেও প্রাণ কাড়তে পারেনি তারা। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়ার পর এটা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। এরপরই আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়।

রানিগঞ্জের ‘ভয়েসলেস’ নামে এক পশুপ্রেমী সংগঠনের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনই অপ্রাপ্তবয়স্ক। সবার বাড়ি আসানসোলের বুধা এলাকায়। অপ্রাপ্তবয়স্ক দুজনের বিরুদ্ধে জুভেনাইল আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা যায়। বাকি প্রাপ্তবয়স্ক একজনের বিরুদ্ধে মামলা হলেও তিনি আপাতত জামিনে মুক্ত আছেন। এতেই ক্ষেপেছে পশুপ্রেমী সংগঠনগুলো।

নিরীহ বিড়ালছানাকে শুধু মজার ছলে এভাবে হত্যাচেষ্টার মতো নৃশংস কাজের জন্য তাকে অবিলম্বে কঠোর শাস্তির আওতায় আনার দাবি তুলেছেন পশুপ্রেমীরা।