মটরসাইকেল চালকের ট্রলী চাপায় মর্মান্তিক মৃত্যু

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুরে মালবাহী ট্রলী গাড়ির চাপায় মোঃ সোহেল মোল্লা (২৫) নামের এক মটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ৭.৩০ টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তরমুজ ক্ষেতের শ্রমিক নিয়ে সোহলে মোল্লা ঘটনাস্থলে আসে। শ্রমিকদের নামিয়ে মটরসাইকেল ঘুরানোর সময় দ্রুত গতিতে আসা ট্রলী গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল মোল্লার মৃত্যু হয়। ট্রলী চালক রুবেল গাড়ি ফেলে দ্রুত সটকে পরে। নিহত সোহেল মোল্লা ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের আনোয়ার মোল্লা’র পুত্র।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।