মঠবাড়িয়ায় বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগে ছেলের মামলা, গ্রেফতার ১

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ার মানিষক রোগী বৃদ্ধ (৬২) কে গণধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (০৯ নভেম্বর) গভীর রাতে ওই ধর্ষিতার পুত্র বাদী হয়ে এজাহার নামীয় ২জন ও অজ্ঞাতনামা আরো ৩জনসহ মোট ৫জনকে আসামী করে মামলা দায়ের করেছে।

পুলিশ সোমবার সকালে এ মামলার এজাহার নামীয় আসামী রবিউল (১৮) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে। রবিউল উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আবুল কালামের পুত্র।

মামলা সূত্রে জানা যায়- গত ৩০ অক্টোবর সন্ধ্যায় ওই ষাটোর্ধ মানষিক রোগী নারী প্রতিবেশী এক বিয়ে বাড়ি থেকে নিকটবর্তী নিজের বসত বাড়ি ফিরছিল। এসময় বারেক চৌকিদারের পরিত্যক্ত গোয়াল ঘর পর্যন্ত যাওয়া মাত্র পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা স্থানীয় টুকু জমাদ্দারের পুত্র লিসান (১৯), রবিউল ও আরও তিন অজ্ঞাত তাদের সহযোগী মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে ওই নারী গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিম নারীর মেডিকেল পরীক্ষার জন্য সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।