মঠবাড়িয়ায় যুবলীগ সভাপতির ওপর হামলা, ৩ নেতা বহিস্কার

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খানের ওপর হামলা ও দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় ৩ যুবলীগ নেতাকে সাময়িক বহিস্কার করে ৩ দিনের মধ্যে কেন স্থায়ী বহিস্কার করা যাবে না মর্মে জবাব চেয়েছে জেলা যুবলীগ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর জেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু ও সাধারণ সম্পাদক জিয়াউল আহসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

সাময়িক বহিস্কৃতরা হলেন- উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহমেদ রছি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরাজি ও আবু জাফর কিবরীয়া।

ওই স্বাক্ষরিত চিঠিতি আরও জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খানের ওপর হামলা ও দলীয় অফিস ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ৩ যুবলীগ নেতার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। যা সংগঠন পরিপন্থী বলে মনে করেন তারা।