মঠবাড়িয়ায় হাসপাতালে নারীসহ ৩ দালালকে অর্থদন্ড

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা হাসপাতালের সামনে থেকে ডায়গনস্টিক সেন্টারের দুই নারীসহ ৩ দালালকে আটক করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ড ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ শত টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার আলগী পাতাকাটা গ্রামের কালাম ফরাজীর মেয়ে নাজমা বেগম (২২), উপজেলার বান্ধবপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে রাসেল মিয়া (২৮) ও বরগুনা জেলার পাথরঘাটার তাপস কুমারের স্ত্রী শিখা রানী (৪০) ।

এসময় মঠবাড়িয়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ আলী হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ড জানান, দালালদের বিরুদ্বে এ অভিযান অব্যাহত থাকবে ।