মনের প্রদীপ

মনের প্রদীপ
-মাহফুজা রিনা

উজ্জ্বল কর মনের প্রদীপ,
মায়াবী টেবিলে সংকীর্ণ আলোয় নিমগ্ন কর নিজেকে।
যে আলোর বীজ জন্ম দেয় সৌন্দর্যের,
যার গান সমুদ্রের নীলে প্রতিধ্বনিত হয়,
জোৎস্নায় যার ঝিলিমিলি স্বপ্ন তনু,,,,,,
যেন বিজয়ী জাহাজের মাস্তুল ভাঙে
এনে পুরোনো প্রস্তরে।

উজ্জ্বল কর মনের প্রদীপ,
যে প্রদীপের ছায়া সমস্ত সৃষ্টিকে অন্তহীন
আশ্চর্য্য বুননে প্রকৃতিকে রূপ দেয়,
সে রূপের সংকল্প যদিও নিজ হাতে বাতাস নিত্য ছিঁড়ে,
তবুও প্রকৃতির পাতা ঝরার চিৎকার হার মানে,
স্তব্ধ হয়, ছন্দ পায় তার প্রতিভায়।

উজ্জ্বল কর মনের প্রদীপ,
অঙ্গীকার কর সেই আলোয় যে দেয়
জীবনের রঙ মুছে যৌবনের বিদায়।
রঙের তরঙ্গ বাঁধে তপ্ত খনির শূন্য অন্তস্হল,
বাতাসের কম্পন প্রাণের পদ্মে
পাথরের প্রবাহ রক্ত শিরায়।
অব্যর্থ জ্বালায় উদভ্রান্ত, অস্থির অফুরন্ত চোখের মায়া।