মহিপুরে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতার করোনা শনাক্ত

কুয়াকাটা প্রতিনিধি॥
পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনছার উদ্দিন মোল্লার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ তথ্য বৃহস্পতিবার (১৬ জুলাই) নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বর্তমানে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এর আগে চেয়ারম্যানের স্ত্রী খাদিজার করোনা উপসর্গ দেখা দিলে উভয়েরই নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠায়। বুধবার রাত ৯ টায় চেয়ারম্যানের করোনা রিপোর্ট পজেটিভ আসে এবং স্ত্রীর রিপোর্ট নেগেটিভ হয়।

এর আগে ওই ইউনিয়ন পরিষদের সচিব রুবাইয়াত আদনান এর করোনা পজেটিভ হয়। ইউপি সচিব আইসোলেশনে চিকিৎসা সেবা নেয়। দ্বিতীয়বার তার নমুনা সংগ্রহ করে পাঠালে রিপোর্ট নেগেটিভ হয়। বর্তমানে রুবাইয়াত আদনান হোম কোয়ারেন্টাইনে সুস্থ্য রয়েছে। আগামী সপ্তাহে কর্মস্থলে যোগদান করবে বলে ইউনিয়ন পরিষদ সূত্র জানিয়েছে।

ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা অসুস্থতা বোধ করলে জন সাধারণের সাথে দেখা সাক্ষাত বন্ধ করে দেয়। তিনি ফোনালাপে জরুরি কাজকর্ম সম্পাদন করছেন।

সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাহানাজ পারভীন বলেন, ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে তিনি সুস্থ্য আছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।