মাছ নয়, যেন অনুসন্ধানী যান

আন্তর্জাতিক ডেস্ক।।
সমুদ্রে গবেষণা ও পানির গভীরে প্রাণের সন্ধানে নানা যন্ত্র-যান ব্যবহার করা হয়। এগুলো সাধারণত সাগরের তলদেশে অনুসন্ধান চালায়। পাওয়া যায় নতুন ও বিরল সব প্রাণ-প্রকৃতির খোঁজ। কিন্তু এবার যা পাওয়া গেল, তা দেখতে একটি অনুসন্ধানী যানের মতো। অদ্ভুত এক প্রাণী, যার মাথা অত্যন্ত স্বচ্ছ, পুরো মাথা স্বচ্ছ জলের আবরণে ঢাকা। এর মধ্যে লুকিয়ে থাকে চোখ, যার লেন্স সবুজ। আছে মাছের মতো পাখনাও।

এটি দেখা গেছে যুক্তরাষ্ট্রের মনটেরির ক্যালিফোর্নিয়া উপসাগরে। নাম ব্যারেলি ফিশ বা স্পুক ফিশ। বিজ্ঞানীরা এ ধরনের স্বচ্ছ মাথার প্রাণীকে ম্যাক্রোপিনা মাইক্রোস্টমাও বলে থাকেন। বিরল এই প্রাণী লম্বায় ছয় ইঞ্চি। খবর সায়েন্স নিউজের

এমন স্বচ্ছ মাথার প্রাণীর বিচরণ আছে আটলান্টিক, প্রশান্ত ও ভারত মহাসাগরে। পানির দুই হাজার থেকে দুই হাজার ৬০০ ফুট গভীরে। যুক্তরাষ্ট্রভিত্তিক সমুদ্র গবেষণা সংস্থা ‘মনেটারি বে অ্যাকুয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউট’ (এমবিএআরআই) পানির জগত নিয়ে কাজ করে। এ কাজে তারা ভেনটেনা নামের দূর থেকে পরিচালনা করা যায়- এমন একটি যন্ত্র ব্যবহার করে। এতে বসানো আছে উচ্চ রেজুলেশনের ক্যামেরা, যার ফ্রেমে সম্প্রতি বন্দি হয়েছে অদ্ভুত এই প্রাণী। স্বচ্ছ মাথার প্রাণী প্রথম দেখা যায় ১৯৩৯ সালে। সে সময় যুক্তরাষ্ট্রের জীববিজ্ঞানী উইলবার্ট ম্যাকলেওড চ্যাপম্যান এ ধরনের প্রাণী নিয়ে প্রথম আলোচনা করেন।