মাতাল শ্বশুরের দেয়া আগুনে পুরে মরলো সন্তানসম্ভবা পুত্রবধূ

অনলাইন ডেস্ক।।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুর্গম আলোকদিয়া চরে মাতাল শ্বশুরের দেয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে পুত্রবধু লিবা খাতুন (২৭)। বৃহস্পতিবার (১১ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পাবনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলোকদিয়া চরের কেটি আরদোসের ছেলে মো: জুলহাস বৃহস্পতিবার ভোরে মদ্যপ অবস্থায় তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরের ভেতর শ্যালো মেশিনের তেল থাকায় ঘরটিতে দ্রুত আগুন লেগে যায়। এসময় ঘরে থাকা তার ১০ মাসের সন্তান সম্ভবা পুত্রবধু লিবা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত হন জুলহাসের মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পাশ্ববর্তী পাবনা জেলায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহত লিবার স্বামী সোলেমান রাজশাহীতে একটি কোম্পানিতে এস্কেভেটর (খননযন্ত্র) অপারেটর হিসেবে কর্মরত আছে। নিহত লিবা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন। ঘটনার সত্যতা স্বীকার করে শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।