‘মানবাধিকার সমুন্নত রেখে শিশুদের প্রতি সহনশীল হতে হবে’

রূপালী ডেস্ক॥
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বলেছেন, মানবাধিকার সমুন্নত রেখে শিশুদের প্রতি সহনশীল হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ধারণ করে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসে অবতীর্ণ হয়েছি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগীতায়, অপরাজেয় বাংলাদেশ এর আয়োজন ও ইউনিসেফ এর অর্থায়নে বুধবার (০২ ডিসেম্বর) পুলিশ অফিসার্স মেসে “শিশু আইন -২০১৩” বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু একজন শিশু বান্ধব নেতা ছিলেন, তাঁর আদর্শে, মুক্তি যুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে শিশুদের অপরাধী না ভেবে শিশু অধিকার সমুন্নত রেখে কাজ করার মাধ্যমে তাঁর প্রতি, দেশের জন্য আত্মত্যাগী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

বঙ্গবন্ধু বলেছেন, এই দেশের পুলিশ হবে জনবান্ধব জনগণের পুলিশ। এই স্লোগানকে সামনে রেখে এই কর্মশালায় আন্তরিক অংশগ্রহণে সমৃদ্ধ হয়ে মাঠপর্যায়ে, থানা পর্যায়ে নারী শিশু সহ সবাইকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

উক্ত কর্মশালায় গেস্ট স্পিকার হিসেবে গ্রেফতার, তদন্ত, বিকল্প পন্থা এবং জামিনসহ শিশু সংক্রান্ত বিশেষ অপরাধ সমূহের দন্ড শীর্ষক আলোচনা রাখেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

তিনি বলেন, সবচেয়ে বড় শয়তান অজ্ঞতা। শিশুরা আগামীর ভবিষ্যৎ, সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আইন জেনে শিশুদের সাথে আইনসম্মত আচরণ করতে হবে। যারা আইন ও দায়িত্ব বুঝে নির্ভুল কাজ করেন, কেবল তাদেরই পেশাদার বলা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্, বরিশাল চীফ ইউনিসেফ এ এইচ তৌফিক আহমেদ।

কর্মশালায় মুখ্য সমন্বয়ক, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা মোঃ রাসেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফেরদৌসী সুলতানা প্রকল্প সমন্বয়কারী, অপরাজেয়-বাংলাদেশ।

গেস্ট স্পিকার হিসেবে, শিশু আইন -২০১৩, শিশু বিষয়ক ডেস্ক ও শিশু বিষয়ক কর্মকর্তা, ভিকটিম সাপোর্ট সেন্টার শীর্ষক আলোচনা রাখেন, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্। শিশু অধিকার, শিশুর প্রতি আচরণ ও প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য শীর্ষক আলোচনা রাখেন জেলা প্রবেশন কর্মকর্তা, সাজ্জাদ পারভেজ। শিশু আদালত ও তার কার্যপ্রণালী, বিকল্প পরিচর্যা শীর্ষক আলোচনা রাখেন, চাইল্ড প্রটেকশন অফিসার, ইউনিসেফ জামিল হাসান।