মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. মামুন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক।।
রাজধানীর আদাবরের ‘মাইন্ড এইড’কে হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, যে চিকিৎসকরা প্রায় নিয়মিত মাইন্ড এইডে রোগী পাঠাতেন তাদের মধ্যে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন। পুলিশ কর্মকর্তা আনিসুলকেও নিজের হাসপাতাল থেকে কৌশলে বিতাড়িত করে মাইন্ড এইডে পাঠিয়েছিলেন তিনি। ওই হাসপাতালে চিকিৎসার নামে অনৈতিক বাণিজ্য করা হয়- এটা জেনেশুনেও তাকে সেখানো পাঠানো হয়। ঘটনার দিন মাইন্ড এইডের ম্যানেজার আরিফকে ফোন করে ডা. মামুন পুলিশ কর্মকর্তাকে ভর্তি করানোর ব্যবস্থা করতে বলেছিলেন।

এরই মধ্যে আনিসুলের মৃত্যুর ঘটনায় চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের বক্তব্যে মাইন্ড এইডের অপকর্মে ডা. মামুনের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। এ ছাড়া হাসপাতালটির ম্যানেজারের সঙ্গে একাধিক দফায় আনিসুলের ব্যাপারে সরকারি হাসপাতালের এই চিকিৎসকের কথোপকথনের তথ্য পাওয়া গেছে।