মালালার বিয়ের খবরে যা বললেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক।।
পাকিস্তানের নারীশিক্ষা ও নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। মঙ্গলবার (০৯ নভেম্বর) রাতে একটি টুইট করে বিয়ের খবরটি জানান শান্তিতে নোবেলজয়ী মালালা। পাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিক।

মালালার বিয়ের খবর সামনে আসতেই নব দম্পতিকে শুভেচ্ছা জানান বিশ্বের বড় তারকারা। বিয়ের খবর শুনে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘অভিনন্দন মালালা। সুখ-আনন্দে কাটুক জীবন। তুমি একজন দূরদৃষ্টির মানুষ।’

মঙ্গলবার রাতে টুইটারে বরের সঙ্গে দুইটি ছবি শেয়ার করেন মালালা। সেখানে তিনি লেখেন, ‘আজকের দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। আসার ও আমি সারাজীবনের জন্য গাঁট বেঁধেছি। পরিবারের সদস্যদের সঙ্গে ছোট পরিসরে বার্মিংহামের বাড়িতে একটি নিকাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমাদের জীবনের বাকি অংশ আমরা একসঙ্গে কাটাতে চাই। আমাদের জন্য দোয়া করবেন।’

পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্মগ্রহণ করেন মালালা। তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিদের গুলিতে মারাত্মক আহত হন তিনি। ১৫ বছর বয়সী মালালা মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে আসেন। এরপর ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।