মায়াঙ্ককে টেস্ট ওপেনার বলতে নারাজ জন্টি

স্পোর্টস ডেস্ক।।
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ১৩তম আসরে দুর্দান্ত ছন্দে আছেন কিংস ইলেভেন পাঞ্জাবের দুই তরুণ ওপেনার কেএল রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল। ভারতীয় জাতীয় দলের টেস্ট ওপেনার মায়াঙ্গ ওপেনিংয়ে কিংসের ব্যাটিং দানব ক্রিস গেইলেরও জায়গা খেয়ে দিয়েছেন।

মায়াঙ্গ আগারওয়ালকে তাই শুধু টেস্ট ওপেনার মানতে নারাজ কিংস ইলেভেনের ফিল্ডিং কোচ জন্টি রোডস। তার মতে, তিন ফরম্যাটেই দারুণ কার্যকরী হতে পারেন টপ অর্ডারের এই ব্যাটসম্যান। এই দু’জন ভারতের ভবিষ্যত ওয়ানডে ওপেনারও হতে পারেন। দখল করে নিতে পারেন রোহিত শর্মা এবং শেখর ধাওয়ানের জায়গা।

জেন্টি রোডস বলেছেন, ‘তাদের ব্যাটিং অসাধারণ। এটাই ভারতীয় ক্রিকেটের গভীরতা প্রকাশ করে। রোহিত শর্মার কথা ভাবুন, ভারতের ওপেনার হতে তার কতো সময় লেগে গেছে। মায়াঙ্কের মতো তরুণরা দেখিয়েছে, সে শুধু টেস্ট ওপেনার না। আরও বেশি কিছু। কেএল রাহুল অনেক বেশি ধারাবাহিক। সে যেকোন পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। যাদের এই মানিয়ে নেওয়ার দক্ষতা আছে তারাই শেষ পর্যন্ত সাফল্য পায়।’

আইপিএলের ১৩তম আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন কেএল রাহুল। কিংস ইলেভেনের নেতৃত্ব দিয়ে রাহুল ১০ ম্যাচে করেছেন ৫৪০ রান। তার ওপেনিং সঙ্গী মায়াঙ্ক ১৫০ এর ওপরে স্ট্রাইক রেট নিয়ে আসরের তৃতীয় সর্বোচ্চ ৩৯৮ রান করেছেন। দুই ওপেনার অসাধারণ ব্যাটিং করলেও কিংস পয়েন্ট টেবিলে অবশ্য ভালো অবস্থানে নেই। চার জয় ও ছয় হারে টেবিলে ছয়ে আছে তারা।