মা-বাবার মুখে হাসি ফোটাতে কবুতরের খাবার বিক্রি করছে ৫ বছরের আনাদ

আন্তর্জাতিক ডেস্ক।।
ছেলেটির বয়স মাত্র পাঁচ বছর। নাম আনাদ। দেখতে ফুলের মতো নিষ্পাপ। প্রায়ই তাকে কবুতরের খাবার হাতে মক্কার মসজিদে হারামের চত্বরে ঘুরাফেরা করতে দেখা যায়।

এই ছোট্ট শিশুটির পরিবার সম্প্রতি মারাত্মক অর্থ কষ্টে ভুগছে। তাই সে বাবা-মায়ের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য মক্কার মসজিদে হারাম চত্বরে কবুতরের খাবার বিক্রি করে। যা আশপাশের মানুষদেরকে অবাক করেছে।

শিশুটি এ-কাজ কেন করছে, তা জানার জন্য তার সাথে কথা বলেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম সাবাক নিউজের এক সংবাদকর্মী।

আনাদ ওই সংবাদকর্মীকে বলেন, আমরা অনেক গরিব। পরিবারে মারাত্মক অর্থ কষ্ট চলছে। প্রায়ই আমাদের ঘরে খাবার থাকে না। তখন না খেয়েই দিন কাটাতে হয় । তাই আমি মক্কায় আগত দর্শনার্থী ও হজযাত্রীদের কাছে কবুতরের খাবার বিক্রি করি। এতে যা উপার্জন হয়, তা মা-বাবার হাতে তুলে দেই। তারা খাবারের ব্যবস্থা করেন।

আনাদ জানান, প্রতিদিন আট ঘণ্টা আমি কবুতরের খাবার বিক্রি করি। মাঝেমাঝে খুব ক্লান্ত হয়ে পড়ি। তবুও কাজ করি। আমার মা-বাবাও কাজ করেন। কাজ না করলে তো না খেয়ে থাকতে হবে। আমি বড় হয়ে ব্যবসায়ী হবো। যেন আমার মা-বাবার কোনো দুঃখকষ্ট না থাকে।

আনাদ আরো বলেন, আমাদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমরা অপরের ওপর দয়া করো। কেননা আল্লাহ তায়ালা দয়াকারীদের পছন্দ করেন। এ কাজে নিজের ভালো লাগার কথা জানিয়ে আনাদ বলে, আমার বিক্রি করা কবুতরের খাবারের মাধ্যমে পশুপাখি খাবার পাচ্ছে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি তৃপ্তি পাই এবং আশা করি, এর জন্য আল্লাহতায়ালাও আমাকে অনেক সোওয়াব দেবেন। সূত্র-আল আরাবিয়া।