মির্জাগঞ্জে রাস্তা নির্মাণ: ২০০ ফুট রাস্তার পুরাতন ইটের দাম ৩৪ লাখ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
মির্জাগঞ্জে ২০০ ফুট সলিং রাস্তার পুরাতন ইটের মূল্য ৩৪ লক্ষাধিক টাকা নির্ধারন করেছে উপজেলা এলজিইডি। ২শত ফুট সলিং রাস্তায় আনুমানিক ৪/৫ হাজার ইটের প্রয়োজন। প্রতিহাজার ইটের মুল্য ১০ হাজার টাকা করে ধরা হলেও সর্বসাকূল্যে তার মূল্য দাঁড়ায় ৪০/৫০ হাজার টাকা। সেখানে ৩ লক্ষ মূল্য দেখানো হয়েছে। এ যেন যেমন তেমন রূপপুরের বালিশ কান্ডের মতো। এমনই অভিযোগ পাওয়া যায় উপজেলা চত্রা ইউজেড আর বেরেরধন নদী পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা সড়ক নির্মানের দরপত্র আহবানে।

সংশ্লিস্ট অফিস সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে ১ মার্চ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় রাস্তাটির নির্মান কাজে দরপত্র আহবান করা হয়। এতে ১ কোটি ৮৫ লক্ষ ২৭ হাজার ১৫০ টাকা ব্যয়ে কাজটি পান বরগুনার বেতাগীর মেসার্স খান এন্টারপ্রাইজ। রাস্তাটির আইডি নং- ৫৭৮৭৬৫০৮০। চলতি বছরের ২০ আগস্ট চুক্তি সম্পাদন করে। প্রক্কলনে ৩৪ লক্ষ ৫২ হাজার ১৩৪ টাকার পুরানো ইট অর্ন্তভূক্ত দেখানো হয়।

ঠিকাদার সরেজমিনে গিয়ে দেখেন, ২০০ ফিট বিশিষ্ট ইট সলিং রাস্তা বিদ্যমান। যেখানে মাত্র ৪/৫ হাজার পুরাতন ইট আছে। পরে ঠিকাদার ২৪ আগস্ট রাস্তাটি পুনরায় সার্ভে করে প্রক্কলন সংশোধন করে কাজটি হস্তান্তরের জন্য পটুয়াখালী এলজিইডি নির্বাহী প্রকৌশীলর নিকট আবেদন করেন। ঠিকাদারের অভিযোগের বিষয়ে সরেজমিনে বিস্তারিত তদন্ত করে উক্ত সড়কের ভিডিও চিত্র, স্টিল ছবি বাস্তবে যে আইডিটির প্রক্কলন করা হয়েছে সেই আইডিটির ভিডিও ছবি ও এলাকাবাসীর মতামতসহ ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য সিনিয়র সহকারী প্রকৌশলী এলজিইডি পটুয়াখালী যুগল কৃষ্ণ মন্ডলকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি করা হয়।

সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্স খান এন্টারপ্রাইজ এর মালিক মোঃ খলিলুর রহমান খান বলেন, কাজটি চুক্তিবদ্ধ হওয়ার পরে সরেজমিনে গিয়ে দেখা যায় আনুমানিক ২০০ ফুট দৈর্ঘ্য পুরাতন ইটের সলিং বিদ্যমান। যা প্রক্কলনে অন্তর্ভূক্ত সেলভেইস এর সাথে সামঞ্জস্যপূর্ন নয়। সার্ভে করে সংশোধন করার জন্য আমি নির্বাহী প্রকৌশলী এলজিইডি পটুয়াখালী বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

উপজেলা প্রকৌশলী শেখ আজিম-উর- রশিদ বলেন, ভুল বশত: অন্য রাস্তার স্টিমিট ঐ রাস্তায় ধরা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটির আহবায়ক যুগল কৃষ্ণ মন্ডল বলেন, সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সংশোধনের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।