মিসরে চলছে সংসদ নির্বাচনের প্রথম দফার ভোট

আন্তর্জাতিক ডেস্ক।।
মিসরে সংসদীয় নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) ও আগামীকাল রোববার এই ভোট গ্রহণ চলবে। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে সাড়ে চার হাজার স্বতন্ত্র প্রার্থী। এছাড়া বিভিন্ন দলীয় প্রার্থীরাও আছেন তালিকায়।

সমালোচকরা বর্তমানের ‘রাবার স্ট্যাম্প’ সংসদকে আরো স্থায়িত্ব দেয়ার উদ্দেশ্যে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন। খবর আল জাজিরার।

চলতি বছর অনুষ্ঠিত এই দ্বিতীয় জাতীয় নির্বাচনে মিসরের জনগণ নিম্নকক্ষে ৫৯৬ আসনের মধ্যে ৫৬৮ জন সদস্য নির্বাচিত করবেন। বাকি সদস্যদের মনোনীত করবেন সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া আবুল ফাতাহ এল সিসি। কয়েক বছর ধরে সিসি সরকার মিসরের ক্ষমতায় রয়েছে। ২০১৪ সাল থেকে তিনি মিসরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের ফল ঘোষণা করা হবে ডিসেম্বরের মধ্যভাগে।

শনি ও রোববারের এই নির্বাচন উপলক্ষে কায়রোসহ বিভিন্ন স্থানে বড় বড় বিলবোর্ড টাঙানো হয়েছে। অনেক প্রতিদ্বন্দ্বী অনলাইনে নিজেদের প্রচারণা চালিয়েছেন। সমর্থক টানার জন্য তারা ইউটিউবে ভিডিও আপলোড করে গানে গানে ভোটারদের মন জয় করার চেষ্টা চালান। এদের অনেকে অবশ্য পাঁচ বছর আগে অুনষ্ঠিত নির্বাচনেও অংশ নেয়। জনগণের নজর টানার মতো প্রভাব ও ক্ষেত্রও নেই অনেকের।

ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের মুখে মিসরে প্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত মোহাম্মদ মুরসির পতনের পর এল সিসি ক্ষমতায় আসেন। তার অধীনে ২০১৫ সালে প্রথম সংসদ গঠন করা হয়।

চলতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে কায়রো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হাসান নাফা বলেন, এই পার্লামেন্ট তেমন কার্যকর কিছু হবে না। এটা হবে মূলত ক্ষমতাসীনদের মুখাপেক্ষী একটি প্রতিষ্ঠান মাত্র। এর কোনো নিয়মিত কার্যক্রম থাকবে না। কেবল সরকারের নীতিগুলোর সমর্থনই হবে এর আসল দায়িত্ব।