মীনা কুমারীর বিতর্কিত জীবন এবার পর্দায়

বিনোদন ডেস্ক।।
৫০ ও ৬০-এর দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী মীনা কুমারী। অভিনয় জীবনে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি ইন্ডাস্ট্রিতে তার সম্পর্কের ভাঙা-গড়া নিয়েও সমালোচনা হয়েছে বেশ। বলিউডের সেই ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীর গল্পই এবার দেখা মিলবে ওয়েব প্ল্যাটফর্মে।

শুধু ওয়েবেই নয় অবশ্য, বড় পর্দাতেও আনার চিন্তাভাবনা চলছে।

বিশিষ্ট সাংবাদিক অশ্বিনী ভাটনাগরের লেখা ‘মহাজীবন এস মীনা কুমারী’ বায়োগ্রাফির অবলম্বনেই এই ওয়েব সিরিজটি নির্মান করবেন বলিউড প্রযোজক প্রভলিন কাউর। সূত্রের খবর, আলমাইটি মোশন পিকচারস ইতিমধ্যেই সিরিজের জন্য স্বত্ব কিনে নিয়েছে। ‘পাকিজা’ অভিনেত্রীর জীবনকাহিনি ওয়েব সিরিজ ফরম্যাটে আনার জন্য বেশ উচ্ছ্বসিত প্রযোজকও।

‘পাকিজা’, ‘মেরে আপনে’, ‘বাইজু বাওরা’র মতো বহু ক্লাসিক বলিউড ছবিতে নিজের অভিনয়ের প্রতিভার স্বাক্ষর রেখেছেন মীনা কুমারী। ‘পরিণীতা’, ‘এক হি রাস্তা’, ‘শারদা’, ‘ইহুদি’ প্রভৃতি সিনেমায় তিনি দুঃখিনী যুবতী, বাল্যবিধবা, বৃদ্ধস্য তরুণী ভার্যা, প্রান্তবাসিনীর চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। সূত্র- মিড-ডে।