মুক্তির প্রতিশ্রুতি

মুক্তির প্রতিশ্রুতি
-মাহফুজা রিনা

আলোকিত প্রভাত, উচ্ছল চঞ্চল ধরনী,
নিস্তেজ নিস্প্রভ নয়,
তবুও ভয়, দ্বিধান্বিত মন, তবুও মনে জাগে সংশয়।

এক পা বাড়িয়ে হঠাৎ থামে, এদিক ওদিক পানে চায়,
মানুষের অন্তর হতে যে বিবেকের অবস্থান খসে যায়।

বিশাল ঝঞ্জাট, বর্ধিষ্ণু বিবাদ,
নিঃশেষিত উত্তপ্ত নিঃশ্বাস,
শান্তি নাই সেথা, শুধু এক ধূসর নিঃসার পথের আশ্বাস।

মিথ্যে মুক্তির প্রতিশ্রুতি, অনিশ্চিত পথের ঠিকানা অবিচল,
লোভের স্রোতে ডুবছে বিদীর্ণ পৃথিবী মহাসাগর অতল।

তবুও সাহস নিয়ে এগোয়,
অস্ফুটে শোনে ভীতু হৃদয়ের কম্পন,
মানে না সে বাঁধা, শোনে না সে হিংস্র দানব দাঁতের ঘর্ষন।

তৈরি তব একহাতে নিয়ে শান্তির মূল মন্ত্র,
অন্য হাতে রুখবে সব ধ্বংসের ঘাতক অস্ত্র।

বেখেয়ালে যদি অতর্কিতে কভু আসে হানা,
রুখবে সে আঘাত কাঁটাতারের ঢালে,
খুঁজবে নিশ্চিত পথের ঠিকানা।

সকল বাঁধা, যন্ত্রনা করবে সে অতিক্রম,
পারবে সে! সকল রূঢ় অনুভূতির মৃত্যু হবে যখন।