মুক্তি পাচ্ছে নায়ক মান্নার নতুন ছবি!

বিনোদন ডেস্ক।।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান চিত্রনায়ক মান্না। তার মৃত্যুর ১৩ বছর পর প্রেক্ষাগৃহে আসছে তারই অভিনীত নতুন ছবি!

নাম ‘জীবনযন্ত্রণা’। সেন্সর বোর্ডে প্রায় এক যুগ আটকে থাকার পর এটি ছাড়পত্র পেয়েছে। ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন ও প্রযোজনায় আছেন খোরশেদ আলম খসরু। সেন্সরের বিষয়টি দুজনই নিশ্চিত করেছেন।

২০০৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক ‘লীলামন্থন’ শিরোনামে সিনেমাটির শুটিং শুরু করেন মান্না। সিনেমাটির কিছু দৃশ্য বাকি থাকতেই ২০০৮ সালে নায়কের মৃত্যু হয়।

জাহিদ হোসেন বলেন, ‘এটা একটি যৌনকর্মীদের বাড়ির গল্প। এখানে প্রত্যেকের আলাদা একটি কাহিনি আছে। এক্সপেরিমেন্টাল কাজ এটা। মুক্তিযুদ্ধের সময় এই বাড়িটি কীভাবে যুদ্ধে ঢুকে পড়েছিল তা-ই উঠে আসবে গল্পে।’

সিনেমাটি ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা পড়ে। কিন্তু নামের কারণে দীর্ঘ সময় এটি আটকে ছিল। অবশেষে নাম বদলে ‘জীবনযন্ত্রণা’ নামে প্রদর্শনের অনুমতি পেয়েছে ছবিটি। নির্মাতা জানান, শিগগিরই ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন তারা।

এতে মান্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।