মুলাদীতে উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রাঙ্গণ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে

ভূঁইয়া কামাল, মুলাদী।।

বরিশালের মুলাদী উপজেলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে ২৬, ২৭ ও ২৮ মার্চ ৩দিন ব্যাপি মুলাদী সরকারী ডিগ্রী কলেজ মাঠে উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্টোলের আয়োজন করলে ৪০টি প্রতিষ্ঠান সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র নিয়ে অংশগ্রহণ করে।

শনিবার (২৭ মার্চ)  বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস স্টোলগুলো পরিদর্শন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হাসান, উপজেলা মাধ্যমিক একাডেমিক অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আরিফ হোসেনসহ কর্মকর্তাবৃন্দ সঙ্গী ছিলেন।

অনুষ্ঠানকে মাতিয়ে রাখার জন্য মুলাদী গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিদারুল আহসান খান বিদ্যালয়ের একদল বাদক দল নিয়ে অনুষ্ঠান স্থানটি মাতিয়ে রাখে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় ও ঢাকা থেকে আসা শিল্পিগণ তাদের গান ও নৃত্যের মাধ্যমে এলাকাটি মুখরিত করে তুলে।

বিকেল থেকেই উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার জন্য কৃষক, কৃষাণী, ছাত্র, শিক্ষক ও বিভিন্ন পেশার লোকজনের পদ চারণায় মুখরিত হয়ে যায় মেলা প্রাঙ্গণ। স্টোলগুলোর শতশত বাতি আর কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন রংয়ের বাতি দিয়ে সাজিয়ে রাখায় মেলা প্রাঙ্গণটি আলোয় আলোকিত হয়ে উঠায় দর্শনার্থীদের যেন নয়নগুলো জুড়িয়ে যায়। মেলায় আশা ইমরান, মার্জিয়া, কুলসুম, আফসানা, মাইনু্িদ্দন, আলী আহম্মেদ, সিরাত ও সামিদ জানান প্রতি বছর এভাবে আয়োজন করলে সরকারের উন্নয়নের ব্যাপারে জানা যায় আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার খেটে খাওয়া কৃষক কৃষাণীসহ বিভিন্ন পেশার লোকজন আনন্দ পেয়ে থাকে।

মেলা প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে দর্শনার্থীগণ যখন ক্লান্ত হয়ে পড়ে, ক্লান্ত নিবারনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের চটপটির দোকান, বিভিন্ন ফলের রসের ব্যবস্থা, পপকন, বাদামসহ বিভিন্ন রকমারি খাবার। ছোট ছোট ছেলেমেয়েদের জন্য উঠেছে বিভিন্ন রংয়ের খেলনা আর বাতাসে ফুলানো হাঁস মুরগী। অনুষ্ঠানটি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে উৎযাপন করা হয় সেজন্য রয়েছে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারী।