মুলাদীতে করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১৯

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজেটিভ হয়েছেন আরও ১৯ জন। বুধবার (৩০ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

মুলাদী উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জাহান আরা বেগম রূপালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান উপজেলায় তোফাজ্জেল হোসেন (পাইক) নামে ৭০ বছরের করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ কাজীরচর এলাকার বাসিন্দা। গত ২৬ জুন নমুনা পরীক্ষা করার পর তিনি করোনা আক্রান্ত বলে নিশ্চিত হন। এর পর থেকে এই বৃদ্ধ হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ছিলেন, বুধবার (৩০ জুন) সকালে তার মৃত্যু হয়।

জাহান আরা বেগম জানান, বুধবার মোট ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের পজেটিভ আসে। এর আগেরদিন (মঙ্গলবার) ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১১ জনের পজেটিভ পাওয়া যায়।

মুলাদী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান বলেন, মুলাদীতে হঠাৎ করেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে এবং লকডাউনে সকলকে ঘরে থাকার পরামর্শ প্রদান করেন তিনি।