মুলাদীতে ডাঃ ভুলু সেতুটি ভ্রমণ পিপাসুদের পদ চারণায় মুখরিত

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদীতে পবিত্র ঈদসহ জাতীয় অনুষ্ঠানগুলোতে তরুণ-তরুণিদের পদ চারণায় মুখরিত হয়ে উঠে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আঃ রাজ্জাক ভুলু সেতুটি। মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার হাজার হাজার মানুষসহ তরুণ-তরুণীরা বিকেল বেলা ঘুরতে আসে এই সেতুটিতে। হাজার হাজার মানুষের আগমন উপলক্ষ্যে সেতুর দুই পার্শ্বে রয়েছে ভ্রমণ পিপাসুদের নাস্তার জন্য হরেক রকমের ফুচকার দোকান।

নয়া ভাঙ্গনি নদীর উপর প্রতিষ্ঠিত সেতুটি কয়েক উপজেলার মানুষের এক সেতু বন্ধনের মিলন মেলা। বিকেল হলেই ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসে সেতুটিতে। তখন সেতুটির রূপ লাবন্য বেড়ে যায় শতগুণে। শুধু সেতুটির উপর হেটেই আনন্দ উপভোগ করে তাই নয়। নৌকা অথবা ট্রলার নিয়ে সেতুটির নিচ দিয়ে নয়া ভাঙ্গনি নদীতে ভ্রমণ করে আনন্দ উপভোগ করে। মাঝে মধ্যে দেখা যায়, সেতুটির উপর ছোট ছোট বাবুদের জন্য নানা ধরনের খেলনা নিয়ে বসে আছে দোকানি।
সেতুটির উপর উঠলে চারিদিকের বাতাসে গরম শরীরকে শীতল করে ফেলে। ভ্রমণ পিপাসুদের ভ্রমণের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক রয়েছে পুলিশি টহলের ব্যবস্থা।

উপজেলায় কোথাও পার্ক না থাকায় চার উপজেলার ভ্রমণ পিপাসুরা ভ্রমণের জন্য বেছে নেয় এই সেতুটি। সেতুটি ভ্রমণের জন্য বেছে নিলেও রয়েছে অনেক ঝুঁকি। ভ্রমণকারী তারেক রহমান বলেন, হাজার মানুষের মাঝেও সেতুটির উপর দিয়ে চলাচাল করে শতশত যানবাহন। কখন কোন ধরনের দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভ্রমণ পিপাসুদের দাবী একটি পার্কের ব্যবস্থা করা হলে নিরাপদে ভ্রমণ ও আনন্দ ভোগ করা যেত।