মুলাদীতে বন্যায় সাড়ে ১২শত মাছচাষীর চার কোটি টাকার ক্ষতি

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদীতে বন্যার পানি ও টানা বর্ষণে প্রায় সাড়ে ১৮শত মাছের খামার থেকে চার কোটি টাকার মাছ ভেসে গেছে। এতে সাড়ে ১২শত মাছচাষী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস। ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার জন্য তালিকা প্রস্তুত করে জেলা মৎস্য অফিসে প্রেরণ করেছেন কর্মকর্তারা। উপজেলা মৎস্য অফিস সূত্র জানায় গত ১৬ আগস্ট থেকে টানা ৮ দিনের ভারী বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির ফলে উপজেলার বিভিন্ন স্থান পানিতে নিমজ্জিত হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১২শত ৫০জন মাছচাষীর খামার, পুকুর, ডোবাসহ সাড়ে ১৮শত মাছের খামার পানিতে তলিয়ে যায় এবং এসব খামার থেকে প্রায় ৪ কোটির টাকার মাছ ভেসে যায়। উপজেলার কাজিরচর ইউনিয়নের ফাইভ স্টার মৎস্য খামারের মালিক আলহাজ্ব মন্টু বিশ্বাস জানান তার মাছের খামারে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মাছ ছিলো। মুলাদী পৌর সদরে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শুকুর আহমেদ খানের মাছের খামারের কয়েক লক্ষ টাকার মাছসহ আরো অন্যান্য মৎস্য ঘেরের মাছ ভেসে গেছে।

মুলাদী ইউনিয়নের ভাঙ্গারমোনা গ্রামের বয়োজ্যেষ্ঠ ও বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মোঃ খলিলুর রহমান ভূঁইয়া জানান মাছের খামার, পুকুর ও ঘের নিমজ্জিত হওয়ায় মাছচাষীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারি সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত মাছচাষীরা পুনঃরায় মাছচাষ শুরু করতে পারবে না। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুব্রত গোস্বামী জানান উপজেলার ক্ষতিগ্রস্থ সাড়ে ১২শত মাছচাষীর তালিকা প্রস্তুত করে জেলা মৎস্য অফিসে প্রেরণ করা হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হবে।