মুলাদীতে রাস্তা কেটে জনদূর্ভোগের সৃষ্টি করেছে দুষ্কৃতিকারীরা

ভূঁইয়া কামাল, মুলাদী
বরিশালের মুলাদীতে চলাচলের গুরুত্বপূর্ণ সরকারী রাস্তা কেটে দুর্ভোগের সৃষ্টি করেছে দুষ্কৃতিকারীরা, এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামে কাঞ্চন খন্দকারের বাড়ী থেকে সেলিমপুর খেয়াঘাটে যাওয়ার সরকারী রাস্তাটি রাতের আঁধারে কেটে দেয়ায় রাস্তার মাঝে বিশাল খালে পরিণত হয়েছে। এলাকাবাসী জানান ২০১৯ সালে রাস্তাটি কাঁবিখা প্রল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছিল। রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত পথচারীসহ যানবাহন চলাচল করে। রাস্তা কেটে দেওয়ায় পানি যাতায়াতের কারণে খালে পরিণত হয়েছে। লোকজন জীবনের ঝুঁকি নিয়ে গাছের তৈরী সাঁকো দিয়ে চলাচল করে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এলাকাবাসী পানি চলাচলের জন্য রাস্তায় কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার জানান দুষ্কৃতিকারীরা সরকারী রাস্তা কেটে এ দূর্ভোগের সৃষ্টি করেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পেলে সড়কটিতে বক্স কালভার্ট নির্মাণ করার মধ্যে দিয়ে যাতায়াতের সু-ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।