মুলাদীতে সড়ক সংস্কার হয়নি, চরকালেখান ইউনিয়নবাসীর ভোগান্তি চরমে

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদীতে চরকালেখান ইউনিয়নে বেপারীরহাট-সোনামদ্দিন বন্দর সংযোগ সড়কটি ভেঙ্গে যাওয়ার এক মাসেও সংস্কার হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন চরকালেখান ইউনিয়নের কয়েক হাজার মানুষ। ভাঙা সড়কটিতে স্থানীয়রা নিজস্ব খরচে সুপারি গাছ ও বাঁশ দিয়ে ঝুঁকির মধ্যে চলাচল করছে। মাঝে মধ্যে যাতায়াতকারীগণ দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে জানা যায়।

জানা গেছে, চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামের সড়কটি বেপারীরহাট ও সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরে যোগাযোগের জন্য সহজ মাধ্যম। এই সড়ক দিয়ে বেপারীরহাট লঞ্চঘাট, লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়, চরকালেখান আদর্শ কলেজ, চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়, চরকালেখান কামিল মাদরাসা, বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়।

কায়েতমারা গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম মিলন মোল্লা জানান, প্রায় এক মাস আগে সড়কটি কায়েতমারা গ্রামের মতিউর রহমান মোল্লার বাড়ির কাছে ভেঙে যায়। ভারী বর্ষণ ও খালের পানি বৃদ্ধির ফলে ছোট ভাঙন সৃষ্টি হয়। পরবর্তীতে পানির স্রোতে ভাঙা জায়গাটি আরো বড় আকার ধারণ করে। ইতোমধ্যে কয়েকজন পারাপার হতে গিয়ে পড়ে আহত হয়েছেন। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

স্থানীয় ইউপি সদস্য রাশেদ বেপারী বলেন, ভাঙা সড়কের ফলে গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন। বেপারী হাটের ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে মালামাল আনা নেওয়া করে। এখন তাদের অনেকটা পথ ঘুরে যেতে হয় ও খরচও বেশী পড়ে যায়।

চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার জানান, গত ১৮ জুলাই নতুন পরিষদ দায়িত্ব নিয়েছেন। এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাননি। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করা হবে।