‘মেসি ম্যারাডোনার মতো হতে পারবে না’

স্পোর্টস ডেস্ক।।
অনেক বছর ধরেই বিতর্ক চলে আসছে, লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মধ্যে কে সেরা? নিজেকে এমন উচ্চতায় নিয়েছেন বলেই এলিট ক্লাবে পেলের সারিতে থাকা ম্যারাডোনার সঙ্গে উচ্চারিত হয় তার নামও।

এবারের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক শিরোপার খড়া কাটিয়েছে লিওনেল মেসি। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন ম্যারাডোনা। আকাশী-সাদাদের দুই কিংবদন্তিকে নিয়ে তুলনা চলবে সেটাই স্বাভাবিক। সেই আলোচনাতেই এবার ঘি ঢাললেন মারিও কেম্পেস। তার ভাবনা, মেসি কখনোই ম্যারাডোনার মতো হতে পারবে না।

ম্যারাডোনা কখনো কোপা আমেরিকা জিততে পারেনি। অন্যদিকে মেসির হাতে এখনো উঠেনি বিশ্বকাপের ট্রফি। তবে ক্লাব ফুটবলে মেসির অর্জন ম্যারাডোনার চাইতেও বেশি। যদিও ম্যারাডোনা হলেন বোকা জুনিয়র্স ও নাপোলির কিংবদন্তি। তবে এই দুজনের তুলনায় রাজি নন আর্জেন্টিনার হয়ে ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি মারিও কেম্পেস। তার মতে, ফুটবলে ম্যারাডোনা তুলনাহীন।

তিনি আরো বলেন, ‘টানা চারটি বিশ্বকাপ জিতলেও মেসি কখনোই ম্যারাডোনার মতো হতে পারবে না। যদিও সে কখনো বিশ্বকাপই জিততে পারেনি। শিরোপা জয়ের হিসেব না, সে কখনোই ম্যারাডোনার মতো হতে পারবে না’

ম্যারাডোনার ছেলে ডিয়েগো সিনাগ্রা মনে করেন, তার বাবার সঙ্গে তুলনা মেসিকে ভোগাচ্ছে, ‘ডিয়েগো ছিলেন ডিয়েগো আর মেসি তো মেসি। মেসির সমালোচনা যারা করে, তারা ফুটবলের কিছুই বোঝে না। আমার বাবার সঙ্গে তুলনা করায় তাকে অনেক ভুগতে হয়েছে।’