যে কারণে তেঁতুলিয়ায় শীত বেশি

অনলাইন ডেস্ক।।
তেঁতুলিয়ায় সপ্তাহের বেশি সময় ধরে বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা ৮-এর ঘরে বিরাজ করছে। ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় উপজেলায় শীতের তীব্রতা বেশি।

উপজেলার বিভিন্ন স্থানে সকালে কুয়াশা না থাকলেও বরফের মতো শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় রোদ থাকলেও তেমন তেজ থাকে না। বিকেল গড়লেই উত্তর কোণ হতে থেকেই বয়ে আসে হিমেল হাওয়া। রাত বাড়তে থাকলে ফাঁকা হয়ে যায় জনবহুল জায়গাগুলো।

এদিকে বেড়েছে শীতজনিত নানান ব্যাধি। হাসপাতাল, ক্লিনিকগুলোতে জ্বর-সর্দি, কাশি, অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।

উপজেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, এক সপ্তাহ ধরেই তীব্র শীত। সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। গত ২০ ডিসেম্বরের পর থেকেই ৮-এর ঘরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, দেশের অন্যান্য জায়গার তুলনায় এ অঞ্চলের তীব্রতা অনেক বেশি। তাই সরকারিভাবে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।