রাজনীতিতে প্রতিহিংসা ছড়ানোদের মুখে গণতন্ত্রের কথা ষড়যন্ত্রের অংশ: কাদের

অনলাইন ডেস্ক।।
যারা এদেশের রাজনীতিতে রক্ত, হত্যা আর প্রতিহিংসা ছড়িয়েছে তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা আরেক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১০ আগস্ট) সকালে ময়মনসিংহ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে জানতে চান রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেপ্তার করা হয়েছে তা বলুন?

তিনি বলেন, অপরাধী ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না।

সরকার বিভিন্ন অপরাধে নিজেদের দলের লোকদেরও ছাড় দিচ্ছে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাহলে বিএনপি সমর্থিত কোনো অপরাধী গ্রেপ্তার হলে অভিযোগ কেন?