রাহুলের সেঞ্চুরিতে ভারতের বিশাল সংগ্রহ

স্পোর্টস ডেস্ক।।
প্রথম ওয়ানডেতে জয়ের পর দ্বিতীয়টিতেও ইংল্যান্ডকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে ভারত। পুনেতে লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরি আর বিরাট কোহলি ও রিশাভ পান্তের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৩৬ রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা।

অথচ টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো ছিল না ভারতের। ৩৭ রানের মধ্যে দুই ওপেনার শিখর ধাওয়ান (৪) আর রোহিত শর্মাকে (২৫) তুলে নেয় ইংল্যান্ড। কিন্তু শুরুর এই চাপ তারা ধরে রাখতে পারেনি কোহলি, রাহুল, পান্তদের দুর্দান্ত ব্যাটিংয়ে।

তৃতীয় উইকেটে ১২১ রানের জুটি গড়েন কোহলি আর রাহুল। ৭৯ বলে ৬৬ রান করে কোহলি আদিল রশিদের শিকার হলে ভাঙে এই জুটি। এরপর রাহুল আরেকটি শতরানের (১১৩) জুটি গড়েন পান্তকে নিয়ে।

এরই মধ্যে রাহুল তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। ১১৪ বলে ৭ চার আর ২ ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে পান্ত রীতিমত তাণ্ডব চালিয়ে দলকে তিনশো পার করিয়েছেন।

৪০ বলে ৩ চার আর ৭ ছক্কায় পান্ত খেলেন ৭৭ রানের বিধ্বংসী এক ইনিংস। এরপর ১৬ বলে ১ বাউন্ডারি আর ৪ ছক্কায় হার্দিক পান্ডিয়া ৩৫ রান করে ইনিংসের এক বল বাকি থাকতে আউট হন। ভারত পায় ৩৩৬ রানের বড় সংগ্রহ।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান রিস টপলে আর টম কুরান।