রিফাত হত্যা: ১৪ আসামির রায়ের দিন নির্ধারণ হতে পারে বুধবার

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বহুল আলোচিত শাহ্ নেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় পুলিশের দেয়া চার্জশীটের দ্বিতীয় খন্ডে থাকা আইনের সাথে সংঘাতে জড়িত ১৪ শিশু আসামীর যুক্তিতর্কের শেষ দিন ছিলো সোমবার।

গত সোমবার থেকে শুরু হয়ে টানা তিন দিন যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এরমধ্যে প্রথম দুইদিন ছিলো পাবলিক প্রসিকিউশন (পিপি)’র যুক্তিতর্ক উপস্থাপন। প্রথম দিন বুধবার পাঁচ শিশুর যুক্তিতর্ক শেষ হয়। বাকি নয় শিশুর রোববার থেকে আরম্ভ করে আজ সোমবার পর্যন্ত ছিলো এই যুক্তিতর্কের শেষ দিন। পাঁচ শিশুর সকাল সাড়ে ১০ টা থেকে টানা চার ঘন্টার জেরার অবসানের মধ্য দিয়ে শেষ হল চৌদ্দ শিশুর যুক্তিতর্ক। তবে রাষ্ট্রপক্ষ ও শিশু পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় আগামি বুধবার যুক্তিতর্কের উপরে যুক্তি খন্ডাবেন উভয়পক্ষ। সেই সাথে হতে পারে আইনের সহিত সংঘাতে জড়িয়ে পড়া ১৪ শিশুর রায়ের দিন নির্ধারণ।

উল্লেখ্য, ১৪ শিশুর মধ্যে কারাগারে রয়েছে রাশেদুল হাসান রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আব্দুল্লাহ রায়হান, ওয়ালিউল্লাহ্ ওলি, নাঈম ও তানভীর। জামিনে রয়েছে চন্দন সরকার, নাযমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক, মারুফ বিল্লাহ্, রাতুল সিকদার ও আরিয়ান হোসেন শ্রাবন।