রিফাত হত্যা: ২৬ আগস্ট যুক্তিতর্কের জন্য দিন ধার্য

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বহুল আলোচিত চাঞ্চল্যকর শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় আসামীদের সাফাই সাক্ষ্য দেয়ার কথা থাকলেও একজন আসামী নিজেই সাফাই সাক্ষ্য দিয়েছে আদালতে। অন্য আসামীরা সাফাই সাক্ষ্য দিতে চাইলেও তারা সাফাই সাক্ষ্যের তালিকা দিতে পারেনি আদালতে। আসামী পক্ষের আইনজীবীরা সাফাই সাক্ষ্য দেয়ার জন্য আবারও সময় চাইলে বিচারক সময় আবেদন নাকচ করে আগামী ২৬ আগস্ট যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জুমান এর আদালতে প্রাপ্তবয়ষ্ক আসামীদের বিচারিক কার্যক্রম শুরু হয়। এসময় জামিনে থাকা মিন্নি ও বরগুনা কারাগার থেকে রিফাত ফরাজিসহ ৮ জন আসামীকে পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। আসামী মুছা মামলা শুরু থেকে পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার বলেন, আসামীরা সাফাই সাক্ষ্য দেয়ার জন্য আদালতে তালিকা দাখিল করার কথা ছিল। কোন আসামীর পক্ষে সাফাই সাক্ষ্যর তালিকা আদালতে দাখিল করতে পারেনি। আসামী পক্ষের আইনজীবীরা সাফাই সাক্ষ্য দেয়ার জন্য সময় প্রার্থনা করলে আদালত তা নাচক করে দেয়। আসামী কামরুল আহসান সায়মুন নিজে তার পক্ষে আদালতে সাফাই সাক্ষ্য দিয়ে নিজেকে নির্দোষ দাবী করেন। তাকে আমি জেরা করেছি। এ ছাড়া কামরুল আহসান সায়মুন ম্যাজিষ্ট্রেটের কাছে দোষ স্বীকার করে জবাববন্দি দিয়েছে। দিবালোকে কুপিয়ে রিফাত শরীফকে আসামীরা হত্যা করেছে। এ কারনে আসামীদের পক্ষে হয়তো কেহ সাফাই সাক্ষ্য দিতে চায় না। আগামী ২৬ আগষ্ট রাষ্ট্র পক্ষ যুক্তিতর্ক শুরু করবে। রাষ্ট্র পক্ষের যুক্তিতর্ক শেষ হলে আসামী পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক শুরু করবেন।

এ বিষয়ে আসামী আয়শা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী বলেন, আসামী মিন্নি ও হাচান সাফাই সাক্ষ্য দিবে না। আমরা আদালতে আগেই জানিয়ে দিয়েছি। আমরা ন্যায় বিচার চাই। এই মামলায় মিন্নি সাক্ষ্য ছিল। তাকে অন্যায় ভাবে আসামী করা হয়েছে। মিন্নি ছিল প্রত্যক্ষ সাক্ষ্য। মিন্নি সম্পূর্ণ নির্দোষ।

উল্লেখ্য, রিফাত হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামী করে দুটি ভাগে গত বছরে ১ সেপ্টম্বর চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে ১০জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামী। মামলায় প্রাপ্ত বয়স্কদের মধ্যে মিন্নি ও শিশু আসামীদের মোট আটজন জামিনে রয়েছে।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে যখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাঙ বন্ড গ্রুপ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দেশব্যাপী আলোড়ণ সৃষ্টি হয়।