রিমান্ডে নারী আসামিকে যৌন নির্যাতনের অভিযোগ

অনলাইন ডেস্ক।।
হত্যা মামলায় রিমান্ডে নিয়ে এক নারী আসামিকে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে উজিরপুর থানা পুলিশের বিরুদ্ধে। আদালত ওই নারীকে চিকিৎসা প্রদান ও যৌন নির্যাতনের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশ দিয়েছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ওই নারীর আইনজীবী অ্যাডভোকেট মজিবর রহমান। তিনি জানান, রিমান্ড শেষে আদালতে ওই নারী অভিযোগ করেন তাকে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে বিচারক মাহফুজুর রহমান এক নারী কনস্টেবল দিয়ে পরীক্ষা করে শারীরিক এবং যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পান।

আইনজীবী অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান বলেন, আদালত দুই দিনের রিমান্ড দিয়ে সতর্কতার সঙ্গে আসামিকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে শারীরিক এবং স্পর্শকাতর স্থানে আঘাত করেছে, যা যৌন নির্যাতনের শামিল। এটা গুরুতর অন্যায়। আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করি।

ওই নারীর ভাই উজ্জ্বল ভাংড়া বলেন, ‘আমার বোনকে রিমান্ডে নিয়ে শারীরিক এবং যৌন নির্যাতন করেন তদন্ত কর্মকর্তা ও এক নারী কনস্টেবল। এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়া হচ্ছে।’

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলাম জানান, আদালত ওই নারীকে চিকিৎসা প্রদান এবং নির্যাতনের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন চেয়েছেন। রোববার (০৪ জুলাই) অফিস খোলার দিনে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাতেই ওই নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, ‘থানায় রিমান্ডের সময় ওই নারীকে শারীরিক বা যৌন নির্যাতন করা হয়নি। রিমান্ডে নিলে সবাই পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে।’