রেকর্ড ভেঙ্গে ক্ষমা চাইলেন ডি গিয়া

স্পোর্টস ডেস্ক।।
ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচে রেড ডেভিলদের গোলরক্ষক হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন ডেভিড ডি গিয়া। ইপিএলের সফলতম দলটির বিদেশি গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।

এই রেকর্ড গড়ার পথে ডি গিয়া ওল্ড ট্রাফোর্ডের সাবেক গোলরক্ষক পিটার স্মাইকেলকে টপকে গেছেন। ম্যানইউয়ের বিদেশি গোলরক্ষকদের মাঝে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯৯টি ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছেন ডি গিয়া। অন্যদিকে দলটির হয়ে গ্লাভস হাতে স্মাইকেল সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯৮ ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছেন।

স্মাইকেলের রেকর্ড ভাঙ্গার পর তার কাছে মজা করে ক্ষমা চেয়েছেন ডি গিয়া। ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড টিভিকে নতুন রেকর্ড গড়ার অনুভূতি জানাতে গিয়ে ২৯ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক হাসি দিয়ে বলেন, আমি দুঃখিত, স্মাইকেল। তবে আমার জন্য এটা খুবই আনন্দের। আমি বিশ্বাস করি, আরো দীর্ঘ সময় ধরে এখানে থাকবো।

তিনি আরো বলেন, আমি ইউনাইটেডের হয়ে এতগুলো ম্যাচ খেলতে পেরে আনন্দিত। ৪০০তম ম্যাচে খেলার ব্যাপারেও আমি আশাবাদী।

অবশ্য ইউনাইটেডের হয়ে গোলকিপার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড থেকে এখনো অনেক দূরে আছেন ডি গিয়া। এই রেকর্ডটি এখনো অটুট রেখেছেন অ্যালেক্স স্টিফেনি। সাবেক এই ইংলিশ গোলরক্ষক রেড ডেভিলদের গোলপোস্টের নিচে মোট ৫৩৯বার দাঁড়িয়েছেন।

২০১১ সালে অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে আসেন ডি গিয়া। এই ক্লাবে তিনি আরো ১০ বছর থাকার ব্যাপার আশাবাদী। সেটা সম্ভব হলে তার পক্ষে স্টিফেনির রেকর্ডটি নিজের করে নেয়া সময়ের ব্যাপার মাত্র।