র‌্যাব-৮ এর অভিযান: বাগেরহাটে জেএমবি সদস্য গ্রেফতার

রূপালী বার্তা।।
র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল অভিযানে (২৮ ডিসেম্বর) রাত ৯ টার দিকে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন রাজপাট চানমিয়া চেয়ারম্যানের ঘাট চৌমাথা থেকে একজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জেএমবি সদস্য হলেন- মোঃ এনামুল শেখ (৩৪), পিতা-মোঃ আঃ মান্নান শেখ, মাতা-মোসাঃ নুর নাহার, সাং-রাজপাট, পোঃ-গাওলা বাজার, থানা-মোল্লারহাট, জেলা-বাগেরহাট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে। সে বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।