লঞ্চে অগ্নিকান্ড: নানী নাতিসহ তালতলীর ৫ জন নিখোঁজ

কে এম রিয়াজুল ইসলাম, তালতলী (বরগুনা)।।
ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় বরগুনার তালতলী উপজেলার নানী নাতিসহ ৫জন নিখোঁজ ও ২জন আহতের খবর পাওয়া গেছে।

এর মধ্যে ছোটবগী ইউনিয়নের বগীরহাট এলাকার নানী রেখা বেগম (৪২) ও নাতি জুনায়েদ (৭) এবং নিশানবাড়ীয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামের আব্দুল আজিজ এর মেয়ে শিমু আক্তার (২৬) ও তার জমজ দুই নাতনি হাসি ও খুশি (৫) নিখোঁজ রয়েছে।

শিমু আক্তার তার দুই জমজ কন্যা নিয়ে জামালপুর স্বামীর বাড়ী থেকে বরগুনাগামী লঞ্চে তালতলী আসছিলেন। আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আগাপাড়া গ্রামের আব্দুল আজিজ এর স্ত্রী দুলু বেগম (৫৫) এবং ছোটবগী এলাকার রাজ্জাক মিয়ার পুত্র মেহেদি হাসান (১০)।
এছাড়াও দুর্ঘটনা থেকে ফিরে এসেছেন ছোটবগী ইউনিয়নের ব্যবসায়ী রুস্তুম আলী হাওলাদারের পুত্র শহিদুল হাওলাদার (৩০), লাল মিয়া ফরাজীর পুত্র নুহু ফরাজী (৩০), মৌপাড়া এলাকার মোস্তফা ফরাজীর পুত্র জুনায়েদ (২৬) ও মালিপাড়া এলাকার মালেক মিয়ার পুত্র জামাল (৪০)।