লঞ্চে অগ্নিকান্ড : বিষখালীতে কিশোরের লাশ উদ্ধার, মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৪

গোলাম কিবরিয়া, বরগুনা।।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের আগুনে দগ্ধ আরো এক কিশোর যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষখালী নদীর চর ভাটারাকান্দা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের এডি সুমন খান জানান, উদ্ধার করা লাশটি ১৩ থেকে ১৪ বছরের একজন কিশোরের। তার মুখে কিছুটা পোড়া দাগের চিহ্ন রয়েছে। স্থানীয়রা দুপুর একটার সময় নদী তীরের কাছে লাশটি ভাসতে দেখে কোস্টগার্ডকে জানালে আমরা এসে উদ্ধার করি।

বিষখালীর সুগন্ধা ও ধানসিঁডি নদীর মোহনায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা পঞ্চম দিনেও লাশ উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন। এ কিশোরের লাশ উদ্ধার নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪-এ।