লালমোহনে বিশ্ব নবীর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

মো. নাঈম, লালমোহন।।
লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে মহানবীর অবমাননার প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ নভেম্বর) আসর নামাজের পর স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামদের নেতৃত্বে বিশাল মিছিল মঙ্গলসিকদার বাজারের চৌরাস্তায় এসে মিলিত হয়। ব্যাপক পুলিশের উপস্থিতিতে দলমত নির্বিশেষে হাজার হাজার জনতা সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির মাওলানা জিয়াউল হক নোমান, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মুসলেহ উদ্দিন, যুবলীগ নেতা মাকসুদুর রহমান বাবুল হাওলাদার, ব্যবসায়ী নেতা আলমগীর সিকদার, লঞ্চ ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন, নতুন মসজিদের খতিব মাওলানা ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, যেহেতু ফ্রান্সের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় ভাবে নবীর অবমাননা করেছে তাই রাষ্ট্রীয় ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এঘটনার নিন্দা জানাতে হবে। রাষ্ট্রের উদ্যোগে ফ্রান্সের সকল পন্য আমদানি নিষিদ্ধ করতে হবে। ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে বন্ধ ঘোষনা করতে হবে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বক্তারা।