শঙ্কার মধ্য দিয়ে নোয়াখালীতে চলছে ভোট

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে।এই ১৬টি ইউনিয়নে ১৫৮ কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৯২টি ও কবিরহাটের ৭টি ইউনিয়নের ৬৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।সকালে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচনে সদরের ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ জন ও কবিরহাটের ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সদরে ভোটার রয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৭৯৬। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১১ হাজার ২৬৬ এবং পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ৫৩০ জন। আর কবিরহাটে ১ লাখ ৪৫ হাজার ৬২৪ ভোটারের মধ্যে ৭০ হাজার ১৩ জন নারী ও ৭৫ হাজার ৬১১জন পুরুষ।জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, একটি সুষ্ঠু ভোট উপহার দিতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে।

প্রতিটি কেন্দ্রে ১জন পুলিশ কর্মকর্তা, ৩জন কনেস্টবল, ৭জন নারী সদস্য ও ১৭জন আনসারসহ মোট ২৮জন দায়িত্ব পালন করছে। এছাড়াও পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা, স্ট্যাইকিং, সাদা পোশাকের পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্বে আছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।