শামির সমালোচকদের ‘মেরুদণ্ডহীন মানুষ’ বললেন বিরাট

স্পোর্টস ডেস্ক।।
গত সপ্তাহের রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচটিতে ভারতীয় বোলারদের মধ্যে অন্যতম খরুচে ছিলেন মোহাম্মদ শামি।

ওই ম্যাচের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন শামি। তিনি ভারতের বিশ্বকাপ স্কোয়াডের একমাত্র মুসলিম ক্রিকেটার। মূলত এ কারণেই তাকে সমালোচনার তীরে বিদ্ধ করেন নেটিজেনরা। এ ঘটনার পর থেকে তার পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররা।

এবার সতীর্থের পাশে দাঁড়ালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সমালোচকদের উদ্দেশ্য করে বলেছেন, ‘তারা একদল মেরুদণ্ডহীন মানুষ’। রবিবার (৩১ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগে আজ শনিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানে এ মন্তব্য করেন।

বিরাট কোহলি বলেন, ‘ধর্মের কারণে কারো ওপর আক্রমণ করা মানুষের সবচেয়ে নিকৃষ্টতম কাজ। এটি খুবই ভয়ংকর এবং ব্যক্তিগত ব্যাপার। জনগণ তাদের হতাশা প্রকাশ করছে, কারণ আমরা কী করছি সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই।’

‘আমরা মাঠে খেলি। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা একদল মেরুদণ্ডহীন মানুষ নই। এটি (ট্রল) কিছু লোকের জন্য বিনোদনের উৎস হয়ে উঠেছে, যা মোটেই ভালো লক্ষণ নয়। এই সব নাটক মানুষের হতাশার ওপর ভিত্তি করে তৈরি করা’, যোগ করেন তিনি।

ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমরা শামির পাশে ২০০ শতাংশ দাঁড়াচ্ছি। দলে আমাদের ভ্রাতৃত্ব কখনোই ভাঙতে পারে না।’