শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযানে র‌্যাব

অনলাইন ডেস্ক।।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব-১২ এর একটি দল।

শুক্রবার (২০ নভেম্বর)  ভোর থেকে উপজেলার উকিল পাড়ার শিক্ষক ফজলুল হকের বাড়ি ঘিরে এই অভিযান চালানো হচ্ছে।

স্থানীয়রা জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘদিন ধরে এক নারী ভাড়াটিয়া বসবাস করে আসছিলেন। কয়েকমাস আগে বগুড়া থেকে দু’জন লোক ওই বাড়িতে এসে থাকতে শুরু করে। শুক্রবার ভোর থেকে ওই বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব।

র‌্যাব-১২ এর এএসপি মহিউদ্দিন মিরাজ জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে সন্দেহে শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ওই বাড়ি ঘিরে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষ হলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।