শিশুকে নির্মম নির্যাতন, সেই শিক্ষককে ছাড়িয়ে আনলেন বাবা-মা!

অনলাইন ডেস্ক।।
চট্টগ্রামের হাটহাজারীতে মারকাযুল কুরআন ইসলামিক একাডেমি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে পেটান তার শিক্ষক। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে উল্টো প্রশাসনের কাছ থেকে তাকে ছাড়িয়ে এনেছেন শিক্ষার্থীর বাবা-মা।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন বলেন, ‘ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, ঠিক এ সময় শিশুর বাবা-মা এসে কান্নাকাটি শুরু করেন। তারা শিক্ষককে ক্ষমা করে দিয়েছেন বলে জানান।’

ইউএনও আরও বলেন, ‘অনেক বোঝানো সত্ত্বেও তারা লিখিতভাবে আমাদের অনুরোধ করেন আইনিব্যবস্থা না নিতে। রাত ২টা পর্যন্ত অভিভাবকরা আমার কার্যালয়ে অবস্থান করেন, যেন আমি আইনি ব্যবস্থা না নিই।’

এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি-টুপি পরা এক ব্যক্তি কক্ষে নিয়ে শিশুকে বেধড়ক মারধর করছেন। মারধরের কারণে ওই শিশু চিৎকার করছিল। এরপরও চলে সেই শিক্ষকের নির্যাতন।

ঘটনাটি ঘটে চট্টগ্রামের হাটহাজারীতে মারকাযুল কুরআন ইসলামিক একাডেমিতে। প্রতিষ্ঠানের হেফজ বিভাগে শিক্ষকের নির্মম মারধরের শিকার ওই ছাত্রের নাম ইয়াসিন ফরহাদ। ভাইরাল হওয়ার একদিন আগে গত সোমবার তার ওপর চালানো হয় এ নির্যাতন।

শিশুর বিরুদ্ধে শিক্ষকের অভিযোগ, মা-বাবা দেখা করতে আসার পর তাদের সঙ্গে বাড়ি যেতে চেয়ে প্রতিষ্ঠানের গেট থেকে বের হয়ে গিয়েছিল শিশু শিক্ষার্থী ইয়াসিন ফরহাদ।

ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে। গতকাল মঙ্গলবার থেকে হাজার হাজার মানুষ ওই ভিডিও শেয়ার করেন। পরে গতকাল রাত ১টার দিকে ওই মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। আটক কারা হয় নির্যাতন চালানো সেই শিক্ষক হাফেজ মো. ইয়াহইয়াকে। তবে শিশুর বাবা-মায়ের অনুরোধে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন।