শুধু আওয়ামী লীগের নয়, বঙ্গবন্ধু সবার: জিএম কাদের

অনলাইন ডেস্ক।।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নন। তিনি সব দল ও মতের মানুষের। বঙ্গবন্ধু সবার। আজকে যারা রাজনীতি করছে, সকলের উচিত বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে নিয়ে রাজনীতি করা। তার অবদানকে স্বীকার করেই রাজনীতি করতে হবে।

পচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে শনিবার (১৫ আগস্ট) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভায় এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। প্রতিষ্ঠার পর ৩৫ বছরে এই প্রথম বঙ্গবন্ধু স্মরণে আনুষ্ঠানিক কর্মসূচি পালন করল সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

শনিবার আলোচনা সভায় জিএম কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় সংসদের বক্তৃতায় বলেছিলেন, ‘জাতীয় পার্টি বঙ্গবন্ধুকে জাতির পিতার মর্যাদা দিতে চেয়েছিল’। কিন্তু অপ্রত্যাশিত কিছু কারণে তা করতে পারেননি। সংসদে জাতীয় পার্টি ভোট দিয়ে বঙ্গবন্ধুকে জাতির জনকের মর্যাদা দিয়েছে।

আওয়ামী লীগের বিরোধিতা করে জন্ম নেওয়া জাসদের ছাত্র সংগঠনের মাধ্যমে রাজনীতিতে আসা জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতির জনক প্রশ্নে কোনো বিতর্ক নেই। বঙ্গবন্ধুর নেতৃত্বই দেশ স্বাধীন করেছে।

আলোচনা সভায় আরও বক্তৃতা করেন জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আজম খান, শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।