সকালের স্মৃতি

সকালের স্মৃতি
-এ কে সরকার শাওন

অতি প্রত্যুষে সালাত শেষে
বাগে পায়চারি নিরালায়;
অতীত গাথা কতো কথা
উঁকিদেয় স্মৃতির জানালায়।

এই দিনে ভিন্ন সনে;
ভিন্ন জনের সনে;
শুভ সকালে শ্রদ্ধায় স্মরি;
মনে পড়া গুনীজনে!

উল্কার বেগে মনের আবেগে
ছুটেছি কত প্রান্তর!
পরতে পরতে শিক্ষা পেয়ে
সম্মৃদ্ধ কোমল অন্তর!

ধরলা, পদ্মা, তেতুলিয়া
কর্ণফুলী, মেঘনা, তিতাস;
মনু, যমুনা রূপসার জলে
কোথাও হইনি হতাশ!

মাঝ সাগরে তরঙ্গে চড়ে
মেনেছি অতল সীমাহীন!
পাহাড় চূড়ায় বিশলতায়
দেখেছি আকাশ অন্তহীন!

কত সুজনের সাথে মিশেছি
জুড়েছি কোমল অন্তর!
মানুষের মন বড়ই বিচিত্র
বেভুল বদলায় নিরন্তর!

সবাইকে আমি বেসেছি ভালো
শত্রুকেও করেছি ক্ষমা!
বিনিময়ে লভেছি মিঠে কড়া
তবু মনে বিদ্বেষ নাই জমা!

মানুষ মহান মানুষ ধীমান
সবার উপরে মানুষের মন!
মনের নীড়ে বসতি গড়ে
পরমেশ্বর সেই একজন!

সব মানুষ চিরসুখী হোক
দূর হোক সব দুঃখ ঝঞ্জাল!
আঁধার তেড়ে আকাশ ফুঁড়ে
নিত্য আসুক শুভ সকাল!

কবিতাঃ সকালের স্মৃতি
কাব্যগ্রন্থঃ আপন-আভাস
২৪ জুন ২০২১
শাওনাজ, উত্তরখান, ঢাকা।