সব ধরণের ক্রিকেট থেকে বিদায় গুলের

স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তান পেসার উমর গুল (৩৬) শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ২০১৬ সালের সেপ্টেম্বরে। জাতীয় দলে ফেরার কোন সম্ভাবনা তার ছিল না। তারপরও অবসর নেননি। খেলে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট। কিন্তু পাকিস্তান ন্যাশনাল টি-২০ লিগ থেকে তার দল বেলুচিস্তান বিদায় নেওয়ার সব ধরণের ক্রিকেট থেকে বিদায় বলেছেন উমর গুল।

শুক্রবার (১৬ অক্টোবর) অবসরের ঘোষণা দিয়ে গুল বলেছেন, ‘দুই দশক আমার ক্লাব, শহর, প্রদেশ এবং দেশের হয়ে বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করা ছিল বড় সম্মানের। ক্রিকেটের প্রতি আমার কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং অঙ্গীকার ছিল। যে কারণে খেলাটা আমি উপভোগ করেছি। ক্যারিয়ারের এই সময়ে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয়েছে, কাজ করেছি। অনেকে আমাকে অসম্ভব সহায়তা করেছে। তাদের সবাইকে ধন্যবাদ।’

অবসরের ঘোষণা দিয়ে গুল ভক্তদের ধন্যবাদ দিয়েছেন। তার মতে, তিনি ভক্তদের থেকে ভালো সমর্থন পেয়েছেন। বিশেষ করে ক্যারিয়ারে সময়টা যখন খারাপ গেছে। পরিবারেরও অনেক ত্যাগ আছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গুল। এখন তাদের বেশি বেশি সময় দিতে চান বলে উল্লেখ করেছেন। তবে দেশের ক্রিকেটের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করে রেখেছেন পাকিস্তান পেসার।

উমর গুলের ২০০৩ সালের এপ্রিলে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয়। এই সময়ে পাকিস্তানের সদ্য সাবেক ডানহাতি পেসার ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে এবং ৬০টি টি-২০ খেলেছেন। সংক্ষিপ্ত ফরম্যাটে পুরনো বলের পেসার হিসেবে তার খ্যাতি ছিল। দিতে পারতেন দুর্দান্ত সব ইয়র্কার। আন্তর্জাতিক টি-২০তে পঞ্চম (৮৫) সর্বোচ্চ উইকেট তার নামের পাশে। গুলের ওপরে আছেন লাসিথ মালিঙ্গা (১০৭), শহীদ আফ্রিদি (৯৮), সাকিব আল হাসান (৯২) ও রশিদ খান (৮৯)।