সাংবাদিক এ বি এম মূসার জন্ম দিন

গণমাধ্যম ডেস্ক।।
এ বি এম মূসার জন্ম ১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ধর্মপুর গ্রামে। তিনি একাধারে একজন সাংবাদিক, সম্পাদক ও কলাম লেখক। বর্ণাঢ্য কমজীবনে তিনি দীর্ঘকাল ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজার্ভার-এর বার্তা সম্পাদক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ও বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

২০১৪ সালে মৃত্যু পর্যন্ত টানা ছয় দশক তিনি সাংবাদিকতা করেছেন। ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

বাংলাদেশের সাংবাদিক মহলে ‘মুসা ভাই’ বলে খ্যাত সর্বজনশ্রদ্ধেয় এ বি এম মূসা ১৯৫০ সালে মাত্র ১৯ বৎসর বয়সে দৈনিক ইনসাফের মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। একই বছর তিনি ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভারে যোগ দেন। ১৯৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান অবজারভারে রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে রণাঙ্গন থেকে সংবাদ পাঠাতেন এ বি এম মূসা। স্বাধীনতার পর তিনি বিটিভির মহাব্যবস্থাপক, মর্নিং নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সরকারের নিমোর্হ সমালোচনায় তিনি ছিলেন নির্ভীক ও সোচ্চার। তার লেখনি ছিল ক্ষুরধার। তিনি আমৃত্যু সাধারণ মানুষের অধিকারের কথা বলেছেন। মৃত্যুর আগের বছরগুলোতে তিনি টেলিভিশন টক-শোতে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলে জনপ্রিয়তা অর্জন করেন। তার মৃত্যুর পর সংবাদ প্রতিবেদনে বলা হয়, ‘এ বি এম মূসা ছিলেন বাংলাদেশের সাংবাদিক সমাজের জ্যেষ্ঠতম সদস্য ও অভিভাবক। ’