সাংবাদিক বোরহান হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বরিশালে মানববন্ধন

গণমাধ্যম ডেস্ক।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে, হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন বরিশালের গণমাধ্যম কর্মীরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা এগারটায় নগরীর সদররোডে বরিশালের প্রতিবাদী সাংবাদিকবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সাধারণ সম্পাদক মনিরুল আলম স্বপন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সভাপতি শুশান্ত ঘোষ, মোঃ আলি খান জসিম, কবি হেনরী স্বপন, ঢাকা পোষ্টের বরিশাল প্রতিনিধি সৈয়দ মেহেদী, বর্তমান কথা পত্রিকার বরিশাল ব্যুরো আরিফ হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন- ঘটনার কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও সাংবাদিক বোরহান হত্যায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার কিংবা হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

অবিলম্বে সাংবাদিক বোরহান হত্যায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন সংবাদ কর্মীরা।