সাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
ইঞ্জিন বিকল হয়ে সাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে ভাসানচর হতে আনুমানিক ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার জেলেদের নাম ও পরিচয় জানা যায়নি।
তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর মৎস্য আহরণের উদ্দেশে এফভি সুরমা-১ নামে একটি মাছ ধরার ট্রলারে করে নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ১৫ জন জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরের সাংগু গ্যাস ফিল্ড এলাকার উদ্দেশে যায়। পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর রাতে সাংগু গ্যাস ফিল্ড থেকে দক্ষিণ পশ্চিমে আনুমানিক ১৫ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন বিকল হয়ে তারা সাগরে ভাসতে থাকে। এমন পরিস্থিতিতে মাছ ধরার নৌকা ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে কোস্টগার্ড পূর্ব জোন জানতে পেরে কোস্ট গার্ড স্টেশন ভাসান চরের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।আমিরুল হক জানান, সম্প্রতি ভারতের দিকে ধেয়ে আসা ঘূর্ণীঝড় গুলাবের কারণে সাগর ছিল উত্তাল। বেঁচে থাকার আশাই ছেড়েছিলেন জেলেরা।
উদ্ধারকৃত ১৫ জেলেদের কোস্ট গার্ড স্টেশন ভাসানচরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে খাবার ও চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেও বলে জানান তিনি।